অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন জানিয়েছেন, নিজের সন্তান নিনিত হুমায়ূন-এর নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে তাকে স্কুলে পাঠানো বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে এই কথা তুলে ধরেন তিনি।
শাওন জানান, আগামী ৮ মে থেকে তার কনিষ্ঠ পুত্র নিনিতের ও লেভেল পরীক্ষা শুরু হচ্ছে। বর্তমানে নিনিতের বয়স ১৫ বছর। এবার তার অষ্টম শ্রেণি শেষ করে নবম শ্রেণিতে ওঠার কথা ছিল। তিনি রাজধানীর বনানীতে অবস্থিত CGSD স্কুলে পড়াশোনা করতেন।

ফেসবুক পোস্টে শাওন দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মত প্রকাশের কারণে তার গাড়িতে তিন দফা হামলা চালানো হয়। প্রতিবারই স্কুল থেকে ফেরার পথে গাড়িতে নিনিত ও ড্রাইভার উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, তৃতীয় দফার হামলায় তার ড্রাইভারকে মারধর করা হয় এবং গাড়ির মূল কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে প্রকৃত ঘটনা উল্লেখ না করে “অসাবধানতাবশত কাগজপত্র হারিয়ে গেছে” বলে লিখতে বলা হয়। এ বিষয়ে প্রশ্ন করলে সংশ্লিষ্টরা জানান, মববাজদের বিরুদ্ধে রিপোর্ট না নেওয়ার নির্দেশ রয়েছে।
শাওনের ভাষ্য, সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণে তিনি নিনিতের স্কুলে যাওয়া বন্ধ করে দেন। গত এক বছর ধরে প্রাইভেট কোচিংয়ের মাধ্যমে পড়াশোনা করে তার ছেলে এখন ও লেভেল পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।

পোস্টের শেষদিকে তিনি সবার কাছে নিনিতের জন্য দোয়া চান এবং বলেন, “আমার ছেলেটা যেন ভালো মানুষ হতে পারে।”
এছাড়া তিনি উল্লেখ করেন, ঢাকার বাসায় একাধিকবার হামলার শিকার হওয়ার পাশাপাশি জামালপুরে তার পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়। সেই বাড়িতে দীর্ঘদিনের পারিবারিক স্মৃতি, পুরস্কার এবং দেশ-বিদেশের দুর্লভ বইয়ের সংগ্রহ ছিল বলে জানান তিনি।


