গত ১১ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ১০টি অঞ্চলের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকার পাশাপাশি তালিকায় ছিল চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লা, আর নবাগত হিসেবে যুক্ত হয় নোয়াখালী ও ময়মনসিংহ। সেই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ দেখায় বাংলা মার্ক লিমিটেড। তবে প্রাথমিক যাচাই-বাছাই ও মূল্যায়নে বাদ পড়ে প্রতিষ্ঠানটি।

তবে মাসখানেকের ব্যবধানে আবারও নোয়াখালী বিপিএলে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এবার তাদের মালিকানা নিতে পারে পরিচিত প্রতিষ্ঠান দেশ ট্রাভেলস। ইতোমধ্যে কাগজপত্র যাচাই, আর্থিক সক্ষমতা বিশ্লেষণ এবং মূল্যায়নের পর ৫ নভেম্বর পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে বিপিএল গভর্নিং কাউন্সিল।
সেই তালিকায় পুরনো দল হিসেবে ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। নতুন যোগ হয় সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলোকে পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হতো। কিন্তু বেশ কয়েকটি দল সেই শর্ত পূরণে ব্যর্থ হয়। এরপর সময়সীমা বাড়িয়ে ১৮ নভেম্বর পর্যন্ত করা হলেও সেখানেও কিছু দল অর্থ জমা দিতে পারেনি।
ক্রিকেটপাড়ায় গুঞ্জন চলছে—ব্যাংক গ্যারান্টি জমা না দেওয়ায় ট্রায়াঙ্গল সার্ভিসেস মালিকানাধীন চট্টগ্রাম রয়্যালস দল থেকে সরে যাচ্ছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। নিলাম ২৩ নভেম্বর থেকে পিছিয়ে ৩০ নভেম্বর নেয়ায় আরও জোরালো হয়েছে এই জল্পনা। বলা হচ্ছে, চট্টগ্রাম রয়্যালসের জায়গায় চট্টগ্রাম এক্সপ্রেস নামে ফ্র্যাঞ্চাইজি যুক্ত হতে পারে দেশ ট্রাভেলস।

তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রামকে বাদ না দিয়ে বরং আরও একটি নতুন দল যোগ করার চিন্তা চলছে। আর সেই নতুন দল হতে পারে নোয়াখালী। এই অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে পারে দেশ ট্রাভেলস, আর দলটির সম্ভাব্য নাম হতে পারে নোয়াখালী এক্সপ্রেস।
আগামী আসরে পাঁচ না ছয় দল খেলবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি বিপিএল কর্তৃপক্ষ। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ নভেম্বর রাজধানীর পাঁচতারকা হোটেলে আয়োজিত নিলামের আগেই প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে।


